মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। লাশ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক দোকানিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি।
এ ঘটনায় তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আব্দুল মোসাব্বিরকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবিদা স্টোর থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। পরে সেটি আমিন আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেলকে সেখানে ডেকে নেন।
সোহেল পৌঁছানোর পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের এক পাশে রেখে দেওয়া হয়।
পরে আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আব্দুল মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তারা আবার আমিনের বাড়িতে গিয়ে মাদক সেবন করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তিনজন নিজ নিজ বাড়িতে চলে যান। এ ছাড়া আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করে।
এ অভিযানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
