শীর্ষ খবর

সাইবার সন্ত্রাসের শিকার সিলেট জেলা ছাত্রদল সম্পাদক হাজী দিনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ১১:১৮ · ১,০২১ ভিউ

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের (হাজী দিনার) রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ছড়িয়ে নোংরা অপপ্রচারে মেতেছে একদল সাইবার সন্ত্রাসী। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই অপপ্রচারের নেপথ্যে থাকা ফেসবুক আইডি ও গ্রুপগুলোর কোনোটিরই সঠিক নাম-পরিচয় নেই। এদিকে, গণমাধ্যম প্রতিষ্ঠান ‘একুশে সিলেট’-এর ফ্যাক্টচেক টিম নিবিড় পর্যবেক্ষণের পর নিশ্চিত করেছে যে, ছড়িয়ে পড়া ছবিগুলো সম্পূর্ণ ‘ডিপফেক’ ও ভুয়া।

জানা গেছে, বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন নামহীন পেজ ও গ্রুপে ছাত্রদল নেতা দিনারের মুখমণ্ডল অন্য এক ব্যক্তির ছবির সাথে কারিগরিভাবে জুড়ে দিয়ে এবং অন্য এক পরিচয়হীন ব্যক্তির ছবি ব্যবহার করে তা প্রচার করা হয়। এসব পোস্টে অত্যন্ত কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষা ব্যবহার করা হচ্ছে।

ছড়িয়ে পড়া ছবিগুলোর সত্যতা যাচাইয়ে নামে ‘একুশে সিলেট’-এর ফ্যাক্টচেক টিম। তাদের কারিগরি বিশ্লেষণে দেখা যায়, মূল ছবিগুলোর পিক্সেল ঘনত্ব এবং আলোর ভারসাম্য কৃত্রিমভাবে পরিবর্তন করা হয়েছে। আধুনিক ‘ডিপফেক’ সফটওয়্যার ব্যবহার করে দিনারের চেহারার আদল অন্য একটি মরফ করা ছবিতে বসানো হয়েছে। ফ্যাক্টচেক টিমের মতে, এটি কোনো সাধারণ এডিট নয়, বরং দিনারকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত সাইবার হামলা।

সরেজমিনে দেখা গেছে, যেসকল ফেসবুক আইডি বা পেজ থেকে এই পোস্টগুলো করা হচ্ছে, সেগুলোর কোনোটিতেই সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নেই। মূলত ফেক আইডি ও নামসর্বস্ব কিছু গ্রুপকে এই অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোনো সুনির্দিষ্ট পরিচয় না থাকায় ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ছদ্মনামের আড়ালে থেকে এই ষড়যন্ত্র পরিচালনা করছে।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, আমার রাজনৈতিক জনপ্রিয়তা ও ক্লিন ইমেজে ভীত হয়ে একটি কাপুরুষ চক্র এই জঘন্য পথ বেছে নিয়েছে। যারা রাজপথে আমার সাংগঠনিক শক্তির মোকাবিলা করতে পারে না, তারাই এখন এআই দিয়ে ছবি বিকৃত করে পর্দার আড়াল থেকে নোংরামি করছে। একুশে সিলেটের ফ্যাক্টচেক টিম ইতিমধ্যে প্রমাণ করেছে যে ছবিগুলো ভুয়া। আমি স্পষ্ট বলতে চাই, বেনামী আইডির আড়ালে লুকিয়ে থেকে আমার ক্ষতি করা যাবে না। আমি সাইবার সুরক্ষা আইনে আইনি ব্যবস্থা নিচ্ছি এবং এই সাইবার সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করব।

সিলেট জেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, হাজী দিনার একজন রাজপথের পরীক্ষিত এবং পরিচ্ছন্ন নেতা। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এআই প্রযুক্তির চরম অপব্যবহার করা হচ্ছে। তারা বলেন, “যেসব নাম-পরিচয়হীন পেজ থেকে এসব প্রচারণা চালানো হচ্ছে, আমরা সেগুলো শনাক্ত করছি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আমাদের অনুরোধ, বেনামী এসব আইডির কোনো প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। আমরা ইতিমধ্যে প্রশাসনের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ প্রদানের প্রক্রিয়া শুরু করেছি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে ‘ডিপফেক’ প্রযুক্তির অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা যেকোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে বিশ্বস্ত ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ