সুনামগঞ্জ

গ্রাম আদালতে মামলা নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলায় প্রথম জামালগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২২ · ১৬৭ ভিউ

গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে জামালগঞ্জ উপজেলা। প্রত্যন্ত হাওরাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্প্রতি জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের নজরুল ইসলামের একটি মুরগি চুরির অভিযোগে একই গ্রামের তিন ব্যক্তির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করা হয়। পরে গ্রাম আদালতের মাধ্যমে মুরগির মূল্য জরিমানা হিসেবে আদায়ের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে বিরোধটির নিষ্পত্তি করা হয়।

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জামালগঞ্জ উপজেলায় নতুন মামলা হয়েছে ৩৯টি। আগের মামলাসহ মোট ৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মামলা নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে উপজেলাটি।

উপজেলার ছয়টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রমের পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে বেহেলী ইউনিয়নে নতুন মামলা হয়েছে ৬টি এবং আগের মামলাসহ নিষ্পত্তি হয়েছে ৮টি। জামালগঞ্জ সদর ইউনিয়নে মামলা হয়েছে ৮টি, নিষ্পত্তি ৭টি। ফেনারবাক ইউনিয়নে মামলা হয়েছে ২টি, নিষ্পত্তিও হয়েছে ২টি। সাচনা বাজার ইউনিয়নে মামলা হয়েছে ১৭টি, নিষ্পত্তি ১৩টি। ভীমখালী ইউনিয়নে নতুন মামলা হয়েছে ৭টি এবং আগের মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১১টি। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মামলা হয়েছে ৯টি এবং আগের মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১২টি।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হাফসা রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের দিকনির্দেশনা এবং প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সর্বাধিকসংখ্যক মামলা নিষ্পত্তি করায় সুনামগঞ্জ জেলা গ্রাম আদালত প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক তাঁর কার্যালয়ে জামালগঞ্জ উপজেলাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, ২০২৫ সালে গ্রাম আদালত পরিচালনায় ভীমখালী ইউনিয়ন পরিষদ সিলেট বিভাগের সেরা নির্বাচিত হয়েছিল। গ্রাম আদালতের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ অল্প খরচে ও তিন মাসের মধ্যে বিচারসেবা পাচ্ছেন। এ আদালতের বিচারপ্রক্রিয়া শেষে বাদী-বিবাদী উভয় পক্ষই সন্তুষ্ট থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, গ্রামীণ জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ স্বল্প সময়ে ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। ফলে সাধারণ মানুষকে এসব বিরোধের জন্য দূরবর্তী আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে না।

তিনি আরও বলেন, বিশেষ করে হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ হয়েছে। পারিবারিক ও সামাজিক বিরোধ নিরসনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত সংবাদ