সিলেট

কাষ্টঘর সুইপার কলোনীতে যুবক খুন, জৈন্তাপুর থেকে প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৫৪ · ১৬৬ ভিউ

সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আমিন আহমদ (৩৫) সিলেট এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার শহিদ আহমদের ছেলে।

এসআরবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এর প্রতিবাদ করায় আমিন ও তার সহযোগীরা হৃদয়কে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেন। এর জের ধরে একই দিন রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়, যার ফলে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গেয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এর আগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকা থেকে এই হত্যা মামলার অপর তিন আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা হলেন-বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

সম্পর্কিত সংবাদ