সিলেট

গোয়াইনঘাটে জুবায়ের-সাগর-মফিজুরসহ ৫ জন গ্রেফতার, অনলাইন জুয়া চক্রের পর্দাফাঁস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ · ১০:৪৫ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুবায়ের আহমেদ, সাগর মালাকার, মফিজুর রহমান, শাহীন আহমেদ ও আজিজুল হক। তাদের সবার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা ’77abc’, ‘Night Teer’, ‘1111bet’-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে মাত্র ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন। এই কার্যক্রমের বিপরীতে তারা কমিশনও গ্রহণ করতেন। জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পর্কিত সংবাদ