সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বেনজির আহমেদ সুমন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি স্থানীয় সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের মানুষের কাছে নিজের পরিচিতি তুলে ধরছেন তিনি।
বেনজির আহমেদ সুমন দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি এবং প্রতাপপুর বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি। ব্যবসায়ী হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। তিনি তামাবিলের মেসার্স আজাদ অ্যান্ড ব্রাদার্স কয়লা ও পাথর আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগী সদস্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বেনজির আহমেদ সুমন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় অবস্থান আরও সুসংহত করার প্রত্যাশাও রয়েছে তাঁর।
গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জনপদ। এ ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দীর্ঘদিনের প্রত্যাশা। স্থানীয় পর্যায়ে এসব সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সম্পৃক্ততা রয়েছে বেনজির আহমেদ সুমনের। তিনি হযরত আবু বকর জামে মসজিদের দাতা এবং দারুল কুরআন ডালার পশ্চিম পাড় শাহী ঈদগাহ মাদরাসার দাতা সদস্য। বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ক্রীড়াপ্রেমী হিসেবে স্থানীয় খেলাধুলার পৃষ্ঠপোষকতা এবং নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
এ ছাড়া ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। ব্যবসা, রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রত্যাশা করছেন বেনজির আহমেদ সুমন।
তাঁর প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে পশ্চিম জাফলং ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। তবে চেয়ারম্যান পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নির্ভর করবে দলের সংশ্লিষ্ট সাংগঠনিক সিদ্ধান্তের ওপর।
