ভোররাত তিনটা বাজলেই নিস্তব্ধতা ভেঙে গর্জে ওঠে শত শত ইঞ্জিনচালিত নৌকা। বিকেল পর্যন্ত চলে এক অবিশ্বাস্য বালু উত্তোলনের মহোৎসব। যেন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা নেই, নেই প্রশাসনের কোনো ভয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি হেওতি এলাকার বড়গাঙ নদীর তীর ছাপিয়ে এখন মানুষের বসতভিটা, বাগান ও ফসলি জমি গিলে খাচ্ছে এক ভয়ংকর বালুখেকো সিন্ডিকেট। মাত্র ছয় দিনের ব্যবধানে ওই এলাকা থেকে লুট হয়ে গেছে অন্তত দেড় কোটি টাকার বালু। সশস্ত্র মহড়ার মুখে অসহায় হয়ে পড়েছেন খোদ জমির মালিকেরা; আর নেপথ্যে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা, ইজারাদার এবং প্রশাসনের অসাধু চক্রের এক অলিখিত ভাগ-বাটোয়ারার সমীকরণ।
সরেজমিনে জৈন্তাপুরের লোকচক্ষুর আড়ালে থাকা গোয়াবাড়ি হেওতি এলাকায় গিয়ে দেখা যায়, রীতিমতো এক ভীতিকর চিত্র। বড়গাঙ নদীর তীরবর্তী এলাকায় সারিবদ্ধভাবে অন্তত ৫০০টি নৌকা ও হাজার হাজার শ্রমিকের মাধ্যমে চলছে অবাধ বালু লুট। অথচ যে ব্যক্তিগত ও পারিবারিক ভূমি থেকে এই বালু তোলা হচ্ছে, তার প্রকৃত মালিক নিজপাট চুনাহাটি গ্রামের দিদারুল আম্বিয়া চৌধুরী শুরুতে বিষয়টি জানতেনই না।
সিলেট শহর থেকে খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে নিজের পৈতৃক ভিটেমাটি ও বাগানের এমন ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়ে পড়েন তিনি। বালু উত্তোলনে বাধা দিতে গেলে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিন্ডিকেটের ভাড়াটে বাহিনী সেখানে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও এই সশস্ত্র বাহিনীর ভয়ে টু-শব্দটি করার সাহস পাচ্ছেন না।
সংশ্লিষ্ট শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর থেকে হঠাৎ করেই হেওতি এলাকায় এই তাণ্ডব শুরু হয়। প্রথম দুই দিন নদীর তীরবর্তী অংশ থেকে বালু তোলা হলেও পরের চার দিন ধরে নির্বিচারে কাটা হচ্ছে মানুষের বসতভিটা, বাগান এবং আবাদি জমি। এতে পুরো এলাকার মানচিত্র বদলে যাওয়ার পাশাপাশি চরম ভাঙন ঝুঁকিতে পড়েছে গোটা জনপদ।
মহরম উদ্দিন নামের এক বালু শ্রমিকের দেওয়া তথ্যে বেরিয়ে এসেছে এই লুটের বিশাল অর্থনৈতিক অঙ্ক। শ্রমিকদের ভাষ্যমতে, প্রতিদিন ওই একটি স্পট থেকেই প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার বালু লুট করা হচ্ছে। সেই হিসাবে গত ছয় দিনে লুটের পরিমাণ ছাড়িয়ে গেছে দেড় কোটি টাকা।
অনুসন্ধানে জানা গেছে, এই বালু লুটের নেপথ্যে কাজ করছে একটি সুশৃঙ্খল চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার নেটওয়ার্ক। শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নৌকা থেকে বালু উত্তোলনের পর ঘাটেই আদায় করা হয় আড়াই হাজার টাকা। এই টাকার ভাগ যায় তিনটি স্তরে, জমির অবৈধ দখলদার চক্র নৌকাপ্রতি ১,০০০ টাকা,
বড়গাঙ নদীর ইজারাদারের অংশ নৌকাপ্রতি ১,০০০ টাকা, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম করে নৌকাপ্রতি ৫০০ টাকা।
ঘাটে এই আড়াই হাজার টাকা পরিশোধের পর লুট করা বালু বড়গাঙ ব্রিজের কাছে নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা দরে। মূলত ইজারাদারের নির্ধারিত সীমানা থেকে অনেক দূরে অবস্থিত ব্যক্তিগত ভূমি থেকে বালু লুট করা হলেও, ইজারাদার চক্র প্রতি নৌকা থেকে ১,০০০ টাকা ‘রয়্যালিটি’ আদায় করে এই অবৈধ বালুকে কাগজে-কলমে বৈধতা দেওয়ার কৌশল নিয়েছে।
ভুক্তভোগী জমির মালিক দিদারুল আম্বিয়া চৌধুরী ইতিমধ্যেই জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি গোয়াবাড়ি গ্রামের তিন ব্যক্তিকে সরাসরি লুটপাটকারী হিসেবে চিহ্নিত করেছেন।
জৈন্তাপুর উপজেলায় গত ১ নভেম্বর নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন আবুল হাসনাত। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরই তিনি জৈন্তাপুরের প্রধান সংকট হিসেবে এই অবৈধ বালু উত্তোলনকে চিহ্নিত করেছেন। ইতিমধ্যে মিনা টিলাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গোয়াবাড়ি হেওতি এলাকার লুটের বিষয়টি তার নজরে এসেছে এবং খুব শিগগিরই সেখানে বড় ধরনের অভিযান চালানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
*(ছবির ক্যাপশন: সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ি হেওতি এলাকায় বড়গাঙ নদীর তীর ও বসতিসংলগ্ন বাগান কেটে সারি সারি নৌকা দিয়ে চলছে বেপরোয়া বালু লুট। ছবি-জাবেদ আহমদ)*
