সিলেট

উইমেন্স চেম্বারের বাণিজ্য মেলা: ফান্ডে নামমাত্র অর্থ, বাকি ৮ কোটি টাকার হদিস কোথায়?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৩ · ২৭৬ ভিউ

নারী উদ্যোক্তাদের মেধা ও মননশীলতায় তৈরি দেশীয় পণ্যের প্রচার এবং বিপণনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছিল সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী বাণিজ্য মেলা। কিন্তু মেলার পর্দা নামতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। স্টল বরাদ্দ, প্রবেশ টিকিট ও রাইডস থেকে প্রায় ৯ কোটি টাকার বিশাল অঙ্কের বাণিজ্য হলেও চেম্বারের ফান্ডে জমা দেখানো হয়েছে নামমাত্র ৬০ লাখ টাকা। বাকি টাকার কোনো হদিস নেই। হিসাবের এই গোলেমাল ও চরম অব্যবস্থাপনায় ফুঁসে উঠেছেন খোদ নারী উদ্যোক্তা ও চেম্বারের পরিচালকরা।

অনুসন্ধানে জানা যায়, শাহী ঈদগাহ মাঠে আয়োজিত এই মেলায় ২৫ লাখ টাকা মূল্যের ৩০টি বড় প্যাভিলিয়ন, ১৭ লাখ টাকা মূল্যের ২০টি মাঝারি প্যাভিলিয়ন এবং ২ লাখ টাকা মূল্যের প্রায় ৪০০টি ছোট দোকান বিক্রি করা হয়। এছাড়া শিশুদের রাইডস থেকে দৈনিক ১ লাখ ২০ হাজার টাকা এবং গেট পাস থেকে প্রতিদিন লাখ লাখ টাকা আয় হয়েছে। সব মিলিয়ে মেলার আর্থিক লেনদেন ৯ কোটি টাকা ছাড়িয়ে গেলেও সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা কোনো সুনির্দিষ্ট হিসাব দেননি। এমনকি মেলাটি আয়োজনের জন্য একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ১ কোটি ৫০ লাখ টাকার ওপরে দরপত্র জমা দিলেও সভাপতি তা পাশ কাটিয়ে নিজের লোকজনকে কাজ দেন বলে অভিযোগ উঠেছে। আর্থিক এই অস্বচ্ছতার কারণেই মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না উইমেন্স চেম্বারের কোনো পরিচালক। এছাড়া জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সরকারি রাজস্ব বা ট্যাক্সও ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

যে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের নামে মেলাটির অনুমোদন নেওয়া হয়েছিল, বাস্তবে তাঁদের বড় একটি অংশই কোণঠাসা ছিলেন। মেলায় প্রকৃত নারী উদ্যোক্তাদের স্থান না দিয়ে বাইরে থেকে চার শতাধিক নিম্নমানের পণ্যের দোকানদারকে জায়গা দেওয়া হয়। ভুক্তভোগী নারী উদ্যোক্তা মোছা. শামছুননাহার, কুলছুমা চৌধুরী, সুলতানা আক্তার ও কাজী অমর রিতাসহ অনেকে অভিযোগ করেন, তাঁদের জন্য বরাদ্দকৃত স্টলগুলো ছিল অত্যন্ত ছোট ও অপরিকল্পিত। পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ না থাকায় অনেকের লাখ লাখ টাকার খাবার নষ্ট হয়েছে, উল্টো তাঁদের ওপর চাপানো হয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। বিগত কমিটির আমলে যথাযথ সম্মান পেলেও বর্তমান কমিটিতে তাঁরা চরম বৈষম্যের শিকার হয়েছেন।

১৫ মেলা শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার পর্যন্ত শাহী ঈদগাহ মাঠে কেনাবেচা ও রাইড সচল রাখা হয়েছে। দুই দিনের মধ্যে মাঠ খালি করে পূর্বরূপে ফিরিয়ে দেওয়ার সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবকাঠামো ফেলে রাখায় স্থানীয় শিশু-কিছোরদের খেলাধুলা ও জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ খালি করে পূর্বরূপে ফিরিয়ে দেওয়ার কথা। মাঠে মেলার কার্যক্রম চললে তা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মেলার এই অনিয়মের নিরপেক্ষ অডিট ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

সম্পর্কিত সংবাদ