বিশেষ প্রতিবেদন

জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৮ · ১৮৭ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্তকেন্দ্রিক মানবপাচার চক্রের তৎপরতা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তের একাধিক রুট ব্যবহার করে প্রতিরাতে ৩০ থেকে ৩৫ জন মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে। অর্থের বিনিময়ে পরিচালিত এই সংঘবদ্ধ পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এ নিয়ে স্থানীয় পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটছে।

স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল গ্রামে মানবপাচারকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। অনুসন্ধানে জানা যায়, চক্রটি জনপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে নারী, পুরুষ ও তরুণদের অবৈধভাবে সীমান্ত পার করছে। সম্প্রতি পাচারের অপেক্ষায় থাকা কয়েকজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক তোলপাড় শুরু হয়।

স্থানীয়দের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার নলজুরি, আমস্বপ্ন, খাসিহাওড়, গোয়াবাড়ি ও ডিবির হাওরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা বর্তমানে মানবপাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভৌগোলিক সুযোগ ও দুর্গমতার সুযোগ নিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে সাদ্দাম, মশারফ, আলাউদ্দিন, শাহাবুদ্দিন, ফয়ছাল, মুনছুর, ময়নুল, আজিদ, নির্মল, রহমান, আব্দুল্লাহ, তাজেল, শাকিল ও সুমনসহ বেশ কতিপয় ব্যক্তির নাম উঠে এসেছে।

সচেতন মহলের প্রশ্ন—সীমান্ত এলাকায় যদি প্রতিরাতে এত বিপুলসংখ্যক মানুষ অবৈধভাবে পারাপার হয়, তবে মূল হোতারা কারা এবং কীভাবে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে? কেবল ছোটখাটো সহযোগীদের আটক করে এই অপরাধ দমন সম্ভব নয়; এর পেছনে থাকা অর্থদাতা ও মূল নেটওয়ার্ককে গুঁড়িয়ে দিতে হবে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর সঙ্গে জড়িত অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।

তবে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের দাবি, বিচ্ছিন্ন কিছু অভিযان নয়; বরং সীমান্ত এলাকায় রাতের টহল জোরদার করে এই মানবপাচার সিন্ডিকেটের পুরো নেটওয়ার্ক ধ্বংস এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সম্পর্কিত সংবাদ