সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের শিকারপুর গ্রামে রাস্তা সংস্কারের নামে সুরমা নদী থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। উপজেলা প্রশাসন বলছে, নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর থেকে গাছবাড়ি ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়ক সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ কাজের জন্য বালুর প্রয়োজন দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সুরমা নদী থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন শুরু করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, রাস্তার উন্নয়নকাজ হবে—এমন আশ্বাসে তাঁরা প্রথমে বালু উত্তোলনে আপত্তি করেননি। তবে নদী থেকে বালু তোলার বৈধ অনুমতি রয়েছে কি না, তা তাঁদের জানা ছিল না।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে ঘটনাস্থলের পাশেই বালুর স্তূপ এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে কেউ বালুর ব্যবসা করছেন না। রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের সঙ্গে কথা বলে বালু উত্তোলন করেছে।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে, যাতে দ্রুত রাস্তার কাজ করা যায়। চেয়ারম্যান-মেম্বারসহ কয়েকজনকে জড়িয়ে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। বালু উত্তোলন কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয়নি।
আরেক বাসিন্দা সুয়াইবুর রহমান বলেন, ঠিকাদার জানিয়েছেন, দুই-তিন মাসের মধ্যে বালু সরবরাহ করা গেলে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কারা এতে বাধা দিচ্ছেন, তা তাঁরা জানেন না। তাঁর দাবি, ক্ষোভ থেকে কয়েকজনকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগে সড়কটিতে ঢালাই ছিল। পরবর্তী সময়ে সড়ক উঁচু করে মাটি ভরাটের আশ্বাস দেয় পানি উন্নয়ন বোর্ড। মাটি ভরাটের পর ঢালাই বা পিচের কাজ করার কথা রয়েছে।
চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজ হয়েছে। পরবর্তী সময়ে সড়কে পিচের কাজ হওয়ার কথা রয়েছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বরাদ্দ পায়। ঠিকাদার তাঁর সঙ্গে দেখা করে পাশের সুরমা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে কথা বলেন। তিনি অনুমতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার জানান, তাঁদের অনুমতি নেই; প্রশাসনের অনুমতি নেওয়া হবে।
চেয়ারম্যান আরও বলেন, তাঁকে ও স্থানীয় কয়েকজনকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে।
ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন বলেন, রাস্তার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে। রাস্তার স্বার্থে গ্রামবাসী শুধু বালু রাখার জায়গা দিয়েছেন। তাঁকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার ও উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, ওই এলাকায় বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পরপরই বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার কাজ কোন দপ্তরের অধীনে হচ্ছে, সে বিষয়েও তাঁরা অবগত নন।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিভিন্ন দুর্যোগে সড়কের অবস্থা খারাপ হলে রাস্তার উচ্চতা বাড়াতে মাটি ভরাটের কাজ করা হয়। পরবর্তী সময়ে পিচ কার্পেটিংয়ের কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সুরমা নদী থেকে বালু উত্তোলনের কোনো নির্দেশনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।
এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
