সুনামগঞ্জ

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:১৭ · ১৭৯ ভিউ

সুনামগঞ্জের ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালু করা হলে পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। নদী, টিলা, হাওর ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হবে পর্যটকদের জন্য। একই সঙ্গে সৃষ্টি হতে পারে বিপুল কর্মসংস্থান ও সরকারের রাজস্ব আয়ের নতুন খাত।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই রোপওয়েটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নে সরকারের কোটি কোটি টাকার সম্পদ ক্রমেই নষ্ট হচ্ছে।

দেশের রেললাইনে ব্যবহারের জন্য পাথর তুলনামূলক কম খরচে ও দ্রুত পরিবহনের লক্ষ্যে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৪ সালে ব্যয়বহুল এই রোপওয়ের নির্মাণকাজ শুরু করে। ১৯৭০ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোপওয়েটি পুনরায় সংস্কার করা হয়।

দীর্ঘদিন চালু থাকার পর নানা অব্যবস্থাপনা ও অবহেলার কারণে একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। রোপওয়ে অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে রোপওয়ের কার্যক্রম বন্ধ রয়েছে।

১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে রয়েছে ১২০টি ট্রেসেল (খুঁটি)। স্টেশন চারটি—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। বাকেটের সংখ্যা ৪২৫টি। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ১২ দশমিক ৯২ ঘনফুট বা ৬০০ কেজি। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহন সক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট।

দীর্ঘদিন বন্ধ থাকায় রোপওয়ের বিভিন্ন স্থানে ট্রেসেল হেলে পড়েছে। ছিঁড়ে গেছে তার, মাটিতে পড়ে রয়েছে একাধিক বাকেট। ফলে একসময়ের গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা এখন ধ্বংসের মুখে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রোপওয়ের যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করেছিল। তবে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।

অভিজ্ঞ মহলের মতে, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের বিকল্প ব্যবস্থা গড়ে ওঠায় পণ্য পরিবহনে রোপওয়েটির আগের প্রয়োজনীয়তা কমে এসেছে। তাই পরিত্যক্ত রোপওয়েটিকে আধুনিকায়ন করে ক্যাবল কার চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

সর্বনিম্ন ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতার ট্রেসেলের ওপর দিয়ে ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার চালু করা হলে নদী, টিলা ও হাওরের ওপর দিয়ে ভোলাগঞ্জের সাদাপাথর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।

এতে পর্যটকদের পাশাপাশি পাথর ব্যবসায়ীদেরও ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতে সুবিধা হতে পারে। প্রতিদিন ক্যাবল কারে বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। পর্যটকদের আগমন বাড়লে ছাতক ও ভোলাগঞ্জ এলাকায় গড়ে উঠতে পারে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মার্কেটসহ নানা বিনোদনকেন্দ্র। এর মাধ্যমে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগ ও পর্যটন সুবিধা গড়ে তোলা হলে ছাতক-ভোলাগঞ্জের পাশাপাশি বাঁশতলাও পর্যটনকেন্দ্র হিসেবে বিকশিত হতে পারে।

ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিমাংশু দাস নানু, বিএনপি নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম এবং সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সেক্রেটারি আফজাল হোসেন বলেন, অবহেলা ও অযত্নে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।

তাঁরা বলেন, রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটন খাতে ব্যবহার করা হলে এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রকল্পে পরিণত হতে পারে। এতে সরকারের বিপুল রাজস্ব আয় হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন।

সম্পর্কিত সংবাদ