সুনামগঞ্জ

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক লুৎফুর রহমানের ফেসবুক আইডি ও পেজ হ্যাক

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৮:৪৩ · ২৫৯ ভিউ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ মো. লুৎফুর রহমান এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি এবং ‘শেখ মোঃ লুৎফুর রহমান সমর্থক গোষ্ঠী’ নামের ভেরিফায়েড পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। পাশাপাশি ‘sheikh lutfur rahman’ ও ‘lutfur rahman’ নামের আইডিগুলোও বর্তমানে খোলা যাচ্ছে না।

তিনি জানান, বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হ্যাকারদের কবল থেকে ভেরিফায়েড পেজ ও ব্যক্তিগত আইডি উদ্ধার হলে গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, তাঁর আইডি ও পেজ থেকে কেউ কোনো মেসেজ, লিংক কিংবা আর্থিক লেনদেনের অনুরোধ পাঠালে তাতে সাড়া না দিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আইডি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এসব অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কোনো পোস্ট, মন্তব্য বা কার্যক্রমের দায়ভার তিনি নেবেন না।

এ বিষয়ে ফেসবুক বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ