নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে পৃথক দুটি চিঠি দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
চিঠি দুটি পাঠানো হয়েছে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে।
কেন্দ্রীয় যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি।
চিঠিতে আরও বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠাতে ব্যর্থ হওয়া সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী। এ অবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে সিলেট জেলা ও মহানগরের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের এমন কঠোর অবস্থানের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। বিশেষ করে পদপ্রত্যাশীদের মধ্যে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে সম্ভাব্য নেতাকর্মীদের দৌড়ঝাঁপও বাড়ছে।
এ বিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেব।’
অন্যদিকে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ করার কাজ জোরেশোরে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কেন্দ্রীয় দপ্তরে কমিটি হস্তান্তর করতে পারব বলে আশা করছি।’
