হবিগঞ্জ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৯:০১ · ১৭৩ ভিউ

পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে ফেসবুকে হুমকিমূলক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেপ্তার করেন। সম্প্রতি পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এরপর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও একসময় তাঁর নাম আলোচনায় আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও তাঁর আগ্রহের কথা জানা যায়।

সম্পর্কিত সংবাদ