সুনামগঞ্জ

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২৯ · ১৬০ ভিউ

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে। দীর্ঘদিন বৃষ্টির অভাবে জমিতে সেচের পানির সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছিলেন কৃষকেরা। পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় রাস্তাঘাটে বেড়েছিল ধুলাবালির প্রকোপ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ফসলের জমিতে ফিরেছে আর্দ্রতা, কমেছে ধুলাবালির দুর্ভোগ। এতে কৃষকদের পাশাপাশি স্বস্তি পেয়েছেন পথচারীরাও।

গত শনিবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সোমবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বয়ে যায় হালকা ঠান্ডা বাতাস। বৃষ্টিতে সাময়িকভাবে জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি হলেও ধান, ভুট্টা, আলু, মরিচসহ বিভিন্ন শীতকালীন ফসলের জন্য এটিকে আশীর্বাদ হিসেবে দেখছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি শুকিয়ে ফেটে যাচ্ছিল। হাওর থেকে পানি নেমে যাওয়ায় নদী-নালা ও জলাশয়ের পানির স্তরও কমে গিয়েছিল। এতে সেচের পানির সংকটের পাশাপাশি বেড়েছিল সেচের খরচ। এমন পরিস্থিতিতে অগ্রহায়ণের এ বৃষ্টি জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা।

এদিকে বৃষ্টির আগে দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় উপজেলার বিভিন্ন সড়কে ধুলাবালির সৃষ্টি হয়েছিল। যানবাহন চলাচলের সময় ধুলায় দুর্ভোগ পোহাতে হতো পথচারীদের। বৃষ্টিতে সড়কের ধুলাবালি কমে আসায় তাঁদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

তবে বৃষ্টির কারণে সাময়িক দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল ও যাত্রীসংখ্যা কমে যায়। এতে রিকশাচালক, মোটরসাইকেলচালক, ঠেলাগাড়িচালক ও দিনমজুরদের আয় কমেছে।

জামালগঞ্জ সদর ইউনিয়নের খাসিপুর গ্রামের কৃষক মো. ইয়ার আলী বলেন, অগ্রহায়ণের এই বৃষ্টি আমাদের ফসলের জন্য খুবই উপকারী হয়েছে। ধান, ভুট্টা, আলুসহ বিভিন্ন ফসল ভালো হওয়ার আশা করছি। বৃষ্টির কারণে জমিতে সেচ দেওয়ার খরচও অনেকটা কমে যাবে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে নতুন লাগানো মরিচ ও বিভিন্ন শাকসবজির পাশাপাশি বোরো ধানের বীজতলার চারা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকের ক্ষতি হতে পারে।

রিকশাচালক মো. শামীম আহমদ বলেন, দুই দিন ধরে আবহাওয়া খারাপ থাকায় যাত্রী কমে গেছে। আজ সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রী না থাকায় আয়ও কম হয়েছে। এতে আমাদের কিছুটা ক্ষতি হলেও বৃষ্টিতে ফসলের অনেক উপকার হবে।

জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, অগ্রহায়ণের এই বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নদী-নালা ও জলাশয়ের পানি কমে গিয়ে সেচের পানির সংকট দেখা দিয়েছিল। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকদের চাষাবাদে এই বৃষ্টি সহায়ক হবে এবং সেচের খরচ অনেকটা কমে আসবে। বৃষ্টির ফলে ফসল ও উদ্ভিদে সবুজের সমারোহ বাড়বে। এতে ভালো ফলনের সম্ভাবনাও তৈরি হবে।

সম্পর্কিত সংবাদ