অপরাধ

সিলেট বিআরটিএ’র ঘুস-বাণিজ্য: বিশেষ চিহ্নে ফিটনেস আটকে দালাল চক্রের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · রাত ১১:২১ · ১২৩ ভিউ

সেবাপ্রার্থীর কাগজপত্র সব ঠিক আছে, গাড়ির ইঞ্জিন নম্বরও নির্ভুল। তবু ফিটনেস নবায়ন আটকে যায় একটি ‘নীল কালির গোল চিহ্নে’। সেই চিহ্নই যেন দালালদের কাছে হয়ে ওঠে ঘুস আদায়ের গোপন সংকেত। সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এমনই এক অভিনব অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম বিআরটিএ সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে ফাইল ঘিরে চলা এমন নানা অনিয়মের তথ্য পায়। এর মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগের বাস্তব চিত্র আবারও সামনে এসেছে।

দুদক সূত্র ও অভিযানের নথিপত্র বলছে, গত ১৭ নভেম্বর বিআরটিএ সিলেট কার্যালয়ে ৭১টি গাড়ির ফিটনেস নবায়নের আবেদন জমা পড়ে। গাড়ি পরিদর্শনের সময় একটি আবেদনের ইঞ্জিন নম্বরের ওপর নীল কালিতে গোল চিহ্ন দেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। কাগজপত্র ও ইঞ্জিন নম্বর সঠিক থাকা সত্ত্বেও তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। চিহ্ন দিয়ে ওই কর্মকর্তা সরে যাওয়ার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে হাজির হন এক দালাল। সেবাপ্রার্থীর কাছে দাবি করা হয় টাকা। শেষ পর্যন্ত ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পরই মেলে ফিটনেস নবায়ন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ নিশ্চিত করেছেন, অভিযানে নথিপত্র ও সরেজমিন যাচাইয়ে এ ঘটনায় ঘুস গ্রহণ ও অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিটনেস নবায়নই কেবল নয়; ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল নম্বরপ্লেট, স্মার্ট কার্ড, গাড়ির মালিকানা বদলি এবং রুট পারমিটের মতো জরুরি সেবাতেও হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

সেবাপ্রার্থীদের অভিযোগ, ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় কৃত্রিমভাবে অকৃতকার্য দেখানোর মতো ঘটনাও ঘটে। পাশাপাশি ডিজিটাল নম্বরপ্লেট ও স্মার্ট কার্ড সরবরাহে দীর্ঘসূত্রতা এবং নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, দালালদের শরণাপন্ন না হলে অনেক ক্ষেত্রে ফাইল আটকে রাখা হয়।

অভিযোগের বিষয়ে বিআরটিএ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশিদ দাবি করেন, ঘটনাটি যেভাবে শোনা যাচ্ছে, বাস্তবে তা তেমন নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, টাকা নেওয়ার অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি অফিসের কেউ নন, বাইরের লোক। ইঞ্জিনের নম্বর পরিষ্কারভাবে না দেখায় সংশ্লিষ্ট কর্মকর্তা তা ধুয়ে মুছে আনার কথা বলেছিলেন; সেবাপ্রার্থী এটিকে টাকা আদায়ের কৌশল ভেবে অন্য এক ব্যক্তির কাছে যান এবং সেখান থেকেই জটিলতার সৃষ্টি হয়।

অন্যদিকে, দুদকের উপপরিচালক সুবেল আহমেদ জানান, অভিযানের সময় ফিটনেস নবায়ন ও গাড়ি পরিদর্শনসংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব নথি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর পাঠানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে, সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এই সেবাখাতে স্বচ্ছতা ফেরাতে শুধু অভিযান নয়, দালালচক্র ও অভ্যন্তরীণ যোগসাজশের স্থায়ী অবসান চান ভুক্তভোগীরা।

সম্পর্কিত সংবাদ