অপরাধ

সিলেট সীমান্তে মানব পাচার নেটওয়ার্ক

এপারে প্রলোভন, ওপারে দাসত্ব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫১ · ১৮১ ভিউ

শপিং মলে ভালো চাকরির স্বপ্ন নিয়ে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন কুড়িগ্রামের তরুণী শাপলা (ছদ্মনাম)। সঙ্গে ছিলেন আরও তিন তরুণী। রাতের আঁধারে দালালরা তাদের সীমান্ত পার করিয়ে তুলে দেয় চক্রের ওপারের সদস্যদের হাতে। এরপরই তারা বুঝতে পারেন, ভালো চাকরির স্বপ্ন সীমান্তেই হারিয়ে গেছে। দালাল চক্র তাদের বিক্রি করে দেয় একটি হোটেলে, যেখানে শুরু হয় অন্ধকার জগতের এক বিভীষিকাময় জীবন। একদিন সুযোগ বুঝে হোটেল থেকে পালিয়ে আসেন শাপলা। তবে শেষ রক্ষা হয়নি—ভারতে অনুপ্রবেশের মামলায় জেল খেটে অবশেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। সীমান্তের ওপারে শাপলার মতো অসংখ্য তরুণীর স্বপ্ন এভাবেই হারিয়ে যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কেবল তরুণীরাই নন, দালালদের খপ্পরে পড়ে বহু নারী-পুরুষ সীমান্তের ওপারে বন্দি হয়ে দাসত্বের শিকলে বাঁধা পড়েছেন। ভালো উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লা ও চুনাপাথর খনিতে বিক্রি করে দেওয়া হয়। সেখানে জিম্মি রেখে দৈনিক ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করানো হয়। সংকীর্ণ ও অত্যন্ত বিপজ্জনক ‘র‍্যাট-হোল’ খনিতে কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের নামতে বাধ্য করা হয়। খনির ভেতরে বিষাক্ত গ্যাস ও ধসের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের দিনরাত অমানবিক পরিশ্রম করানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সিলেট সীমান্তের অর্ধশত পয়েন্টজুড়ে গড়ে উঠেছে মানব পাচারের শক্তিশালী নেটওয়ার্ক। এর মধ্যে সবচেয়ে বেশি মানব পাচার হয় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে। উপজেলার মোকামবাড়ি, আলুবাগান, শান্তিমাইর জুম, মোকামপুঞ্জি, ছাগলখাউরী, বাননঘাট, শ্রীপুর চা বাগান, মিনাটিলা, কাঁঠালবাড়ী, কেন্দ্রী মন্দির, রাবার বাগান, লম্বাটিলা, ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, কালিঞ্জিবাড়ী, জালিয়াখলা, নয়াগ্রাম, নুরুলের টিলা, লাল মিয়ার টিলা, আফিফানগর, বাঘছড়া, তুমইর, জঙ্গিবিল, বালিদাঁড়া ও ইয়াংরাজা এলাকা পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্থানীয় সূত্রমতে, জৈন্তাপুর সীমান্তে মানব পাচারের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন স্থানীয়ভাবে ‘লাইনম্যান’ হিসেবে পরিচিত রুবেল আহমদ, লিটন মিয়া, মাঘাই পাত্র, মিজান আহমদ রুবেল, আবদুল, রিপন মিয়া, হানিফ, তাজ উদ্দিন, শাহজাহান ও তার ভাই বুরহান।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, কেউ দালালদের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে সীমান্ত পাড়ি দেন, আবার সমাজের নিগৃহীত অনেক নারীও কাজের আশায় ওপারে পাড়ি জমান।

মানব পাচারের এই নেটওয়ার্কে সক্রিয় রয়েছে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম, ভাইরাল মেলার মাঠ, আমস্বপ্ন, সংগ্রামপুঞ্জি, নলজুরি, পান্তুমাই, হাজীপুর, কুলমুপছড়া ও তামাবিল সীমান্ত এলাকা। এই রুটগুলোতে পাচারের সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় লাইনম্যান বাবলা, সাদ্দাম, জয়দুল, রহমান, জানু ও আল-আমীন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, চলতি বছর গোয়াইনঘাটে মানব পাচার আইনে ৩টি এবং পাসপোর্ট আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এই ছয় মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাত মিলিয়ে ৩৮ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, কানাইঘাট উপজেলার আলোচিত মানব পাচারের রুট হচ্ছে ‘দনা’ সীমান্ত। ২০২৪ সালের ২৩ আগস্ট সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হওয়ার পর সীমান্তের এই রুটটি দেশজুড়ে আলোচনায় আসে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এখনো ওই সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার অব্যাহত রয়েছে।

কানাইঘাট সীমান্ত দিয়ে মানব পাচার ও এ সংক্রান্ত মামলার তথ্য জানতে কয়েকবার যোগাযোগ করা হলেও থানার ওসি আমিনুল ইসলাম কোনো তথ্য দেননি। স্থানীয়দের অভিযোগ, এলাকার চোরাকারবারি ও মানব পাচারচক্রের সঙ্গে থানাপুলিশের সখ্য রয়েছে।

সীমান্তে মানব পাচার প্রতিরোধ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সুহেল আলম জানান, সীমান্তে চোরাচালান রোধের পাশাপাশি মানব পাচার বন্ধেও বিজিবি কঠোরভাবে কাজ করছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, চোরাচালান ও মানব পাচার রোধে সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সোর্স মারফত মানব পাচারের কোনো আগাম তথ্য পেলে বিশেষ পয়েন্টগুলোতে নজরদারি ও টহল আরও বাড়ানো হয়।

সম্পর্কিত সংবাদ