খেলাধুলা

দেশের ফুটবলে নতুন ‘জাদুকর’ সিলেটি বংশোদ্ভূত ফারহান আলী, মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৫ · ১৭৯ ভিউ

বাংলাদেশের ফুটবলে এখন আলোচনার কেন্দ্রে ১৯ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ডি-বক্সের ভেতর ছয়জন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে করা অবিশ্বাস্য এক গোল এই তরুণকে এনে দিয়েছে এক নতুন পরিচিতি।

ফারহানের এই ফুটবলের ‘জাদুতে’ বরাবরের মতোই মুগদ্ধ ক্রীড়াপ্রমীরা। তার এই অবিশ্বাস্য গোলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাকে বলছেন ‘ইন্সট্যান্ট সুপারস্টার’, কেউবা ‘জাদুকর’। তবে এই তরুণের উঠে আসার গল্প শুধু একটি গোলের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের ফটবলের এই ‘জাদুকর’ র জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পারিবারিক শিকড় পূণ্যভূমি সিলেটে।

ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। পরে ফুলহ্যামের বয়সভিত্তিক দল পেরিয়ে পেশাদার ফুটবলে পথচলা। আর আন্তর্জাতিক ফুটবলে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ জার্সি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফারহানের সেই গোলটি মুহূর্তেই ক্রীড়াপ্রেমীদের নজর কাড়ে। ডি-বক্সের মধ্যে একের পর এক প্রতিপক্ষের বাধা কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। তার ব্যক্তিগত নৈপুণ্যে বিস্মিত হন সতীর্থরাও। গোলটি সবচেয়ে কাছ থেকে দেখা বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরীও অবাক হয়েছিলেন।

ফারহানের এই গোল কেবল একটি ম্যাচের সৌন্দর্য বাড়ায়নি, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সামনে নতুন এক সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে। সিলেটের পারিবারিক শিকড়, ইংল্যান্ডের ফুটবল একাডেমিতে বেড়ে ওঠা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে তার পথচলাও বেশ ব্যতিক্রম।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহান আলী ওয়াহিদের। তার বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। পরিবারের শিকড় সিলেটে। জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে হলেও বাংলাদেশের সঙ্গে রয়েছে তার গভীর পারিবারিক বন্ধন।

লন্ডনে বেড়ে ওঠা ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। তবে ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলার বড় সময় কেটেছে ফুলহ্যামে। ২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে চেলসি ছেড়ে পশ্চিম লন্ডনের ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকেই বয়সভিত্তিক দলের বিভিন্ন ধাপ পেরিয়ে পেশাদার ফুটবলের পথে এগিয়ে যান এই তরুণ।

ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাতটি গোল করেন ফারহান। ২০২৪ সালের জানুয়ারিতে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। পরের বছর ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন এই আক্রমণভাগের ফুটবলার।

অনূর্ধ্ব-২১ দলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ-টুতে দারুণ পারফরম্যান্স ছিল ফারহানের। ২১ ম্যাচে ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৯টি গোল করান তিনি। তাঁর দল ফুলহ্যাম লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে।

ব্যক্তিগত সাফল্যও ছিল উল্লেখযোগ্য। গত বছরের নভেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন তিনি।

এমন পারফরম্যান্সের সুবাদে ফুলহ্যামের মূল দলের হয়ে খেলার সুযোগও আসে তাঁর সামনে। প্রাক্‌-মৌসুমে নরউইচ সিটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে ৪৬ মিনিটে মাঠে নামেন। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে বাঁ প্রান্ত দিয়ে তাঁর ড্রিবলিং ও বাঁকানো শট নজর কাড়ে। যদিও ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হারে, তবু নিজের সামর্থ্যের ছাপ রাখেন ফারহান।

প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল তাঁর সামনে।

তবে মূল দলে নিয়মিত সুযোগের অপেক্ষায় না থেকে খেলার অভিজ্ঞতা বাড়ানোর সিদ্ধান্ত নেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে যোগ দেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে। হার্টফোর্ডশায়ারের এই ক্লাবে তাঁর জার্সি নম্বর ২০। নতুন কোচ লুক গ্যারার্ড আক্রমণভাগে গতি ও ধার বাড়াতে তরুণ এই ফুটবলারের ওপর আস্থা রেখেছেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।

ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবলে বেড়ে উঠলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন ফারহান। দাদা-নানার সূত্র ধরে তাঁকে লাল-সবুজ জার্সিতে খেলানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় প্রয়োজন হয় জন্মনিবন্ধন সনদের। এরপর পাসপোর্ট পাওয়ার পাশাপাশি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্রও সংগ্রহ করতে হয় তাঁকে।

সব প্রক্রিয়া শেষে গত মাসে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ফারহানের। একই টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।

ফারহানের এই পথচলা সিলেটের শিকড় থেকে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এক গল্প। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও পরিবারের শিকড় তাঁকে যুক্ত করেছে বাংলাদেশের সঙ্গে। সেই সূত্রেই আজ দেশের ফুটবলের সম্ভাবনাময় এক তরুণ প্রতিভা হিসেবে পরিচিতি পাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ফারহান। কেউ তাকে বলছেন ‘ইন্সট্যান্ট সুপারস্টার’, কেউবা ‘জাদুকর’। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন অনেকে।

মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন এই তরুণ। সিলেটের পারিবারিক শিকড় থেকে ইংল্যান্ডের ফুটবল একাডেমি হয়ে বাংলাদেশের জাতীয় দল। ফারহানের এই পথচলা দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। লাল-সবুজ জার্সিতে আগামী দিনে তিনি কতটা দূর যেতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

সম্পর্কিত সংবাদ