সিলেট

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৯:২০ · ১৮০ ভিউ

ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চাইবে।’

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়। শেখ হাসিনার দেশে ফেরার কথিত কাল্পনিক প্রচারণাকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের তাণ্ডবলীলা তাদের নির্মমতার আরেকটি উদাহরণ। এই অপশক্তির বিরুদ্ধে দলমত-নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পরিকল্পিত নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশবিরোধী অপশক্তির কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিনের অপশাসন ও নির্যাতনে মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে বিএনপি পুলিশের নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজারো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। অথচ আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, রয়েছে সন্ত্রাস।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আসিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছলসহ দলীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ