অপরাধ

পর্ব-১

জাফলং সীমান্তে দিনে জিরো টলারেন্স, রাতে লাখ টাকার বাণিজ্য!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · রাত ১১:০৭ · ১৬৭ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং সীমান্তে আইনের তোয়াক্কা না করে টাকার বিনিময়ে চোরাচালানের কথিত ‘লাইন’ বাণিজ্য পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে অবাধে ভারতীয় পণ্য এপারে নিয়ে আসার ক্ষেত্রে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। নির্দিষ্ট অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমেই মূলত এই চোরাচালান নিরাপদ ও নির্বিঘ্ন করা হয়। আর এই পুরো ব্যবস্থার নেপথ্যে পুলিশের কিছু অসাধু সদস্যের সরাসরি যোগসাজশ রয়েছে বলে জোরালো দাবি করেছেন স্থানীয়রা।

এছাড়া অভিযোগ রয়েছে, এই অবৈধ লাইনের মাধ্যমে প্রতিদিন পুলিশের নাম ভাঙিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিন শত শত টন ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। আর এসব পণ্য নিরাপদ গন্তব্যে পৌঁছাতে এবং বাজারজাত করতে কাজ করছে কথিত ‘লাইন’ ব্যবস্থা। পণ্য ও পরিবহনের ধরন অনুযায়ী চাঁদার হার নির্ধারণ করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সীমান্ত দিয়ে পণ্য আনা-নেওয়ার এই রমরমা নিয়ন্ত্রণে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ছত্রছয়ায় এই চক্রটি দিনরাত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, কেউ এই অবৈধ লেনদেনে বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অহেতুক হয়রানি কিংবা পুলিশ দিয়ে পণ্য আটকের খড়্গ নামানো হয়।

সীমান্তবাসীর মতে, এই অনানুষ্ঠানিক ‘লাইন’ ব্যবস্থার পেছনে পণ্য বহনকারী, স্থানীয় মধ্যস্থতাকারী এবং প্রভাবশালী একটি চক্র ওতপ্রোতভাবে জড়িত। তবে এই পুরো অপকর্মের সাথে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও সদস্যের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশের বিরুদ্ধে ওঠা এসব চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাফলং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাজিব রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন। সাফাই গেয়ে তিনি বলেন, লাইন কী জিনিস আমি জানি না। তবে চোরাচালানের বিষয়ে পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

 

জাফলং সীমান্তে পুলিশের ‘লাইন’ বাণিজ্য: নেপথ্যের গডফাদার ও সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য (পর্ব-২)

সম্পর্কিত সংবাদ