সিলেটের দীর্ঘতম এম সাইফুর রহমান ধলাই সেতু আজ চরম অস্তিত্ব সংকটে পড়েছে দুই তীরের মানুষের যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগের একমাত্র প্রাণকেন্দ্রটি। সেতুটির পিলারের কাছ থেকে রাতের আঁধারে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে সেতুটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে তীব্র শঙ্কা। সেতু রক্ষার দাবিতে এলাকার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন দীর্ঘদিন ধরে প্রতিবাদ, মিছিল ও স্মারকলিপি দিয়ে আসলেও বালুখোরদের হুংকার ও ক্ষমতার অপব্যবহারে ক্লান্ত সাধারণ মানুষ।
সম্প্রতি সময়ে ধলাই সেতুর পিলারের কাছ থেকে বালু তোলার এই ভয়াবহ চিত্রটি স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মহলের নজরে আসলেও টনক নড়েনি প্রশাসনের। বিষয়টি মাননীয় মন্ত্রীর নজরে আনলে তিনি ধলাই সেতু ধ্বংসের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে সম্প্রতি কিছুটা ভাটা পড়ার পর ফের শুরু হয় বালু লুটের মহোদসব।খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে সেতু এলাকা থেকে বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক্টর আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক গাড়ি দুটির যৌথ মালিক উত্তর কলাবাড়ী গ্রামের তাঁতীদল নেতা তেরা মিয়ার ছেলে সামী ও দক্ষিণ কলাবাড়ী গ্রামের নুরুশ মিয়ার ছেলে শরীফ। অন্য গাড়িটি একই গ্রামের অদুদ মিয়ার ছেলে ইসলাম উদ্দিনের।অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তিকে কাজে লাগিয়ে একদল শ্রমিককে নৌকা দিয়ে সেতুর একদম কাছাকাছি পিলার থেকে বালু তুলে তীরে আনা হয়।
এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক্টরের মাধ্যমে কলাবাড়ী ও ডাকঘর এলাকায় তা মজুদ করে লাখ লাখ টাকার সম্পদ লুট করা যেন এখন এখানকার ‘ওপেন সিক্রেট’ ব্যাপার।
অনুসন্ধানী তথ্যে এই লুটপাটের প্রধান খলনায়ক হিসেবে উঠে এসেছে উত্তর কলাবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের নাম। তার সাথে সিন্ডিকেটে আরও জড়িত রয়েছেন কলাবাড়ী গ্রামের আনজব আলী, শুকুর মাহমুদ, নূর আলম, মীর হোসেন, নূর আহমদ, নেছার, নিজাম, আকরম (ডাকঘর) এবং শ্রমিক ফয়সল, সুমন, ইমন, বদরুজ্জামান, বতাই মিয়া, আক্তার, কয়সর ও সাগর।ধলাই সেতুর দক্ষিণ ও উত্তর পাড়ে বালু রাখার বেশ কয়েকটি অবৈধ সাইটও সরজমিন পরিদর্শনে দেখা গেছে।
অতীতে যন্ত্রমানব লিষ্টার ড্রেজারের সাহায্যে ৫০ থেকে ৭০ ফুট গভীর খোদ করে মধ্যরাত থেকে সকাল ১০টা পর্যন্ত মাঝারি ও স্টিলবডির বড় নৌকায় যেভাবে দেদারসে বালু তোলা হয়েছে, তাতে সেতুটির যেকোনো মুহূর্তে পিলার হেলে পড়ার আশঙ্কা রয়েছে।
এতে বৃহত্তর এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যমটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল।এদিকে দিনের আলোয় বা রাতের আঁধারে বালু উত্তোলনের এই হরিলুটের চিত্র যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তখন প্রশাসনের ধারাবাহিক অভিযানে খবরেও বিন্দুমাত্র টনক নড়ছে না দুষ্কৃতকারীদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্থানীয় ফেসবুক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— ‘ধলাই ব্রীজ তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? রাতের আঁধারে, নীরবতার সুযোগে সেতুর নিকটে বালু তোলার হিড়িক! মোবাইলে পোস্ট হয়, পুলিশ এসে তাড়া দেয় আবার হোলি শুরু! হয় কি নিদারুণ তামাশা! আফসোস!’ আরেকজন লিখেছেন— ‘চুপ মানে চুপ, একেবারেই চুপ! লুটেরারা খাবলে খাচ্ছে, হামলে পড়ছে! মাদকে সয়লাব আর ধলাই ব্রীজও বিলীনের পথে!’
অনুসন্ধানে আরও জানা গেছে, ভোলাগঞ্জ, ডাকঘর, নোয়াগাঁওয়ের পার ও পাড়ুয়া ডাকঘর এলাকার কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট সেতু এলাকার দখলদারিত্বের অজুহাতে মূল বালু খেকোদের কম মূল্যে দিন-রাত বালু তোলার সুযোগ করে দিচ্ছে। ফলে সেতু ও নদী তীরের বিস্তীর্ণ এলাকা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
এই ধ্বংসযজ্ঞ থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে সেতু এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর জোর দাবি জানিয়েছেন ব্রীজ রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ধলাই সেতু রক্ষা একটি চলমান প্রক্রিয়া। সেতুর পাশে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি লড়াইয়ে প্রশাসন তৎপর রয়েছে এবং অচিরেই গুরুত্বপূর্ণ এই সেতু রক্ষায় সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি গাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। খবর পেয়ে পুলিশ দুটি গাড়ি আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষনিকভাবে আটক করা সম্ভব হয়নি। আটক গাড়ি দুটি আইনি প্রক্রিয়ায় কোর্টে হস্তান্তর হবে।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া আরও জানান, ইতিমধ্যে আইনৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হয়েছে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেটের দ্বিতীয় বৃহত্তম এই ধলাই সেতুটি ২০০৩-০৬অর্থ বছরে তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান-এর ঐকান্তিক প্রচেষ্টায় পূর্ব ধলাইর দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের প্রাণের দাবিতে নির্মিত হয়েছিল। আজ ব্যবসা, যাতায়াত ও সার্বিক দিক দিয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সেতুটি রক্ষা করা সময়ের সবচেয়ে বড় দাবি।
