সুনামগঞ্জ

ভিডিওর উৎস ভারত, দাবি বাংলাদেশ! রনজিতের ‘গোপন সভার’ রহস্য কী?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · রাত ১০:১০ · ১৭৭ ভিউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভা করার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রনজিত সরকার। তিনি দাবি করেন- ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে রোববার সন্ধ্যায় সভা করেন। তার নির্বাচনী এলাকার (সুনামগঞ্জ-১: জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) কয়েকজন নেতা-কর্মীকে ওই ভিডিওতে দেখা যায়। আজ সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করেন। তবে স্থানীয় পুলিশ বলেছে, সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে, দেশে এ ধরনের কোনো সভা হয়নি।

প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ব্যানার ধরে রেখেছিলেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’

ভিডিওতে দেখে একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউই সভার স্থান স্পষ্ট করে বলনেনি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় উপস্থিত ছিলেন এমন দাবি করেন।

এ বিষয়ে রনজিত সরকার ম্যাসেঞ্জারে সমকালকে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করলেন- জানতে চাইলে কল কেটে দেন তিনি। ছাত্রলীগ নেতা ওমর ফারুক বলেন, ‘সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে।’ কোথায়, কখন করা হয়েছে জানতে চাইলে তিনিও কল কেটে দেন।

৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন।

তবে এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছে। সীমান্ত দিয়ে রনজিত সরকারের বাংলাদেশে প্রবেশের কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওই ভিডিওতে দেখা গেছে, তাদের ভারতে সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে, এ কাজ করা হয়েছে।’

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো সভা সীমান্তে হয়নি।

সূত্র: সমকাল

সম্পর্কিত সংবাদ