সুনামগঞ্জ

সোনালী চেলা নদীতে বালু উত্তোলন বন্ধ, কর্মহীন ৩০ হাজার শ্রমিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · রাত ১২:২৫ · ১৫৮ ভিউ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদীর বালুমহালে বালু উত্তোলন নিয়ে বিজিবির বাধার অভিযোগ উঠেছে। বৈধ ইজারা থাকা সত্ত্বেও নির্ধারিত এলাকা থেকে বালু উত্তোলন করতে না পারায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কার্যক্রম। এতে বারকি শ্রমিক, নৌকার মাঝি, পরিবহন শ্রমিকসহ প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। ফলে নদীকেন্দ্রিক জীবিকার ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সোনালী চেলা বালুমহাল বৈধভাবে ইজারা নিয়েছে মেসার্স জিনান এন্টারপ্রাইজ। তবে ইজারাদারের অভিযোগ, নো ম্যানস ল্যান্ডের বাইরে ইজারাকৃত নির্ধারিত অংশ থেকেও বালু উত্তোলনে বাধা দিচ্ছে বিজিবি। ফলে বৈধ ইজারা থাকা সত্ত্বেও বালুমহালের কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

এদিকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রহমতপুর, আলমপুর, সোনাপুর, সৈয়দাবাদ, চাইরগাঁও, নাসিমপুর, মন্তাজনগরসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। দীর্ঘদিন কাজ না থাকায় অনেক পরিবারে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকদের ভাষ্য, নদীতে কাজ বন্ধ থাকায় তাঁদের আয়ের প্রধান উৎস হারিয়ে গেছে।

শফিকুল নামের এক শ্রমিক বলেন, “চেলা নদীতে বালু উত্তোলনের কাজ করেই পরিবার নিয়ে সংসার চালাতাম। এখন কাজ বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটছে। আয় না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।”

মেসার্স জিনান এন্টারপ্রাইজের ম্যানেজার চয়ন বলেন, “বৈধভাবে বালুমহাল ইজারা নেওয়া সত্ত্বেও বিজিবি আমাদের বালু উত্তোলন করতে দিচ্ছে না। এতে ইজারাদার হিসেবে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত অসংখ্য শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।”

এ বিষয়ে ৪৮ বিজিবির সোনালী চেলা বিওপির ক্যাম্প কমান্ডার শরিফ বলেন, “সীমানা নির্ধারণ করে বৈধভাবে ইজারাদাররা বালু উত্তোলন করলে আমাদের কোনো বাধা নেই। তবে সীমান্ত পিলার থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে।”

এ ক্ষেত্রে সীমানা নির্ধারণে সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতাও কামনা করেন তিনি।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ইজারাদারদের বালু উত্তোলনে বিজিবি কেন বাধা দিচ্ছে, তা বুঝতে পারছি না। ইজারাকৃত সীমানার বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই, তবে বৈধ সীমানার বিষয়টি নির্ধারণ করা প্রয়োজন।

ইজারাদারদের লোকজন সীমানা নির্ধারণের জন্য আমার কাছে এসেছিলেন। খুব দ্রুত সরেজমিনে গিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।”

স্থানীয় শ্রমিকদের দাবি, সীমান্তের নিরাপত্তা ও আইনগত বিধিনিষেধ মেনেই দ্রুত বালুমহালের সীমানা নির্ধারণ করে জটিলতার অবসান করা হোক।

এতে একদিকে যেমন সীমান্তসংক্রান্ত নিয়ম মেনে চলা সম্ভব হবে, অন্যদিকে কর্মসংস্থান ফিরে পাবেন নদীকেন্দ্রিক হাজারো শ্রমজীবী মানুষ।

সম্পর্কিত সংবাদ