সুনামগঞ্জ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৯ · ১৮৩ ভিউ

গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সোমবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পুলিশের গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখা পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

এরই ধারাবাহিকতায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই শরীফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। তাঁর এ অর্জনে ধর্মপাশা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এসআই শরীফুলের কৃতিত্বে আমি গর্বিত। আমার অবস্থান থেকে চেষ্টা করেছি, তিনি যেন তাঁর প্রাপ্য স্বীকৃতি পান। এ জন্য আমার পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ধর্মপাশা থানার সবাই তাঁকে নিয়ে গর্বিত।’

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ