স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এ দৌড়ে পিছিয়ে নেই সিলেট বিভাগের নারী নেত্রীরাও। সংরক্ষিত নারী আসনের এমপি হতে ইতোমধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিলেট বিএনপির অন্তত এক ডজন নেত্রী।
সিলেট বিভাগে জাতীয় সংসদের মোট ১৯টি সাধারণ আসন রয়েছে। প্রচলিত হিসাব অনুযায়ী প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়। সে হিসেবে সিলেট বিভাগের জন্য প্রায় ৩টি সংরক্ষিত নারী আসন বরাদ্দ হতে পারে। তবে দ্বাদশ জাতীয় সংসদে এই বিভাগের জন্য ২টি সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত করা হয়েছিল। ত্রয়োদশ সংসদে বিএনপি থেকে কারা মনোনয়ন পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহকারী নেত্রীরা সক্রিয়ভাবে দলীয় সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন। দল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলে অন্যরা নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেবেন না বলেও জানা গেছে।
এখন পর্যন্ত সিলেট বিভাগ থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের মধ্যে রয়েছেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের কন্যা ছাবিনা খান, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি), জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আকতার হাসেমী এবং মুনমুন তালুকদার।
দলীয় মনোনয়নকে ঘিরে সিলেট বিএনপিতে এখন আলোচনা ও প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাচ্ছেন, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply