সিলেট

কোম্পানীগঞ্জে শিশুর গোসলে বাধা, প্রতিবাদ করায় হামলায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৭ · ১৬৮ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে নালায় শিশুর গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, প্রতিবেশী দুদু মিয়ার পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, মারামারি থামাতে গিয়ে আশিক মিয়ার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঘটনার সময় আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশে একটি নালায় গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী দুদু মিয়া শিশুটিকে তাদের ঘাট দাবি করে সেখানে গোসল করতে বাধা দেন বলে অভিযোগ। এ নিয়ে শিশুটিকে গালমন্দ ও মারধরেরও অভিযোগ উঠেছে।

বিষয়টি জানতে পেরে আশিক মিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুদু মিয়ার পক্ষের লোকজন আশিক মিয়াদের ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ। হামলার সময় আশিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে একটি অটোরিকশায় করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফের হামলার শিকার হন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে তারা দাবি করেন।

পরে গুরুতর আহত অবস্থায় আশিক মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুদু মিয়া, আঙ্গুর মিয়া, মোস্তফা, বতুল্লাসহ সাতজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মামলা দায়েরের বিষয়টি এজাহার প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, “মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।”

এদিকে, দুদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জে পারিবারিক ও প্রতিবেশী বিরোধের জেরে দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

সম্পর্কিত সংবাদ