সিলেট

রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:৫১ · ১৭৮ ভিউ

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়ার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশ সদস্য কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এছাড়া বহিস্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভুইয়া বর্তমানে পলাতক রয়েছেন। গত বছর উচ্চ আদালত থেকে জামিন লাভ করে মুক্ত হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করে তিনি আত্মগোপনে চলে যান।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন, যা সারা দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ঘটনার পর আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।

সম্পর্কিত সংবাদ