সিলেট

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · রাত ৮:০৬ · ১৮৯ ভিউ

সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলা রোডে অবস্থিত ব্যাংকটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যাংক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের বাইরে সড়কের পাশে স্থাপিত সাইনবোর্ড এবং নিচতলার ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুন দেখতে পেয়ে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরী আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল ও কার্যালয় পরিদর্শন করেছেন। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সিলেটের সব শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শাখাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ