আন্তর্জাতিক

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৯:২৭ · ১৭৭ ভিউ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলায় আগুন লাগার পাশাপাশি মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসময় দুটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার গভীর রাতে ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা।ভ্রমণ গাইড পড়ুন

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, ইরানের হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লেগেছে। প্রাথমিক তথ্যে স্থাপনাটির ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও কেউ আহত হননি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান প্রকাশ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এসময় সম্ভাব্য হুমকির বিস্তারিত না জানিয়ে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে। এসব ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করে তারা।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমায় অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে হামলা চালায়।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

বাহিনীটি আরও জানায়, ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ওই অভিযান চালানো হয়। ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব দেয়াও ছিল এর উদ্দেশ্য।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটিয়েছে। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে ইরনা জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পুনরাবৃত্ত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার হামলার শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে তিনটি ড্রোন হামলাও চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও ইরানের হামলার মুখে পড়েছে।

সম্পর্কিত সংবাদ