আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা, যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে, তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয় সেই বার্তা হিংস্র বার্তা, এই বার্তা রক্তপাত ঘটানোর বার্তা।
রিজভী বলেন, তাদের (আওয়ামী লীগ) কাছে অনেক টাকা। বাংলাদেশ ব্যাংকের লুট করা টাকা, মেট্রোরেলের টাকা, পদ্মা সেতু-মেগা প্রকল্পের লুট করা টাকা তাদের কাছে। অনেকে বলে— বিকাশে একটা ককটেল মারার জন্য না কি ১০ হাজার-২০ হাজার টাকা দেয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংদের এসব টাকা দেয়া হয়।
তিনি বলেন, শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি। বিভিন্ন জায়গায় ককটেল-অগ্নিসন্ত্রাস করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা-আগুন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে। কিন্তু আগুন-সন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংস্র কাজ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান পারতেন নিষ্ঠুরভাবে সেগুলো দমন করতে, কিন্তু তিনি তা করেননি। যারা রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্লামেন্টে আইন করা উচিত— আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছে শেখ হাসিনা। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।
