অপরাধ

সীমান্তপথে চোরাই পণ্য ও ‘লাইন’ বাণিজ্য: নেপথ্যে জয়দুল, হিরন ও সাদ্দাম?

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · রাত ৯:০০ · ২৯৩ ভিউ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে মাদক, অবৈধ অস্ত্র ও নানা ধরনের চোরাই পণ্য পাচারের একটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চোরাই পণ্য ও মাদক কারবারের পাশাপাশি সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে অবৈধভাবে মানুষ পারাপার বা মানবপাচারের সঙ্গেও এই চক্রের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, দিন-রাত এসব পণ্য সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র ও সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, সীমান্তের চোরাচালান নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে বিজিবি, ডিবি ও পুলিশের ‘লাইনের’ নাম ভাঙিয়ে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে তামাবিল, সোনাটিলা, সংগ্রামপুঞ্জি থেকে শুরু করে আমস্বপ্ন ও নলজুড়ী এলাকা পর্যন্ত বিস্তৃত সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ শুল্কফাঁকি দেওয়া পণ্য দেশে ঢুকছে বলে স্থানীয়দের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, তামাবিল স্থলবন্দর এলাকার সিসিটিভি ফুটেজে ভারতীয় কম্বলের চালান থেকে প্রতি কিটে ২০০ টাকা করে ‘লাইনের’ নামে অর্থ লেনদেনের দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব জাফলংয়ের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী জয়দুল ও তার সহযোগীরা এই অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। অন্যদিকে সোনাটিলা এলাকায় হিরন মিয়া এবং আমস্বপ্ন-নলজুড়ী এলাকায় তামাবিল লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়ার বিরুদ্ধে একই ধরনের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, হিরন মিয়া ও সাদ্দাম মিয়া পরস্পর সহোদর।

অনুসন্ধানে সীমান্তের এই চোরাচালান ও ‘লাইন’ বাণিজ্য সংশ্লিষ্টদের নেপথ্যের শেল্টারদাতা হিসেবে আবুল কাশেম ও বাবলা লিটনের নামও উঠে এসেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এলাকাবাসীর দাবি, প্রভাব ও তদবিরের মাধ্যমে এই চক্রকে ছায়া দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সীমান্তের এই চোরাচালান, চাঁদাবাজি ও ‘লাইন’ বাণিজ্যসহ নানা অপরাধের সঙ্গে স্থানীয় কথিত কিছু সংবাদকর্মীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তদবির, প্রভাব খাটানো কিংবা তথ্য গোপনের মাধ্যমে এই চক্রকে সুরক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে।

সচেতন মহলের আশঙ্কা, সীমান্তের এই রুটগুলো কেবল কম্বল, চিনি বা প্রসাধনী সামগ্রী পাচারেই সীমাবদ্ধ নেই; এই একই পথ ব্যবহার করে ভারত থেকে ইয়াবা, ফেনসিডিল, মদ ও অবৈধ আগ্নেয়াস্ত্র দেশে ঢুকছে, যা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী আটকও করছে। পাশাপাশি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পারাপারে সহায়তাকারী একটি সিন্ডিকেটও সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ হলেও নেপথ্যের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে মনে করেন স্থানীয়রা।

সরেজমিনে পর্যটন কেন্দ্র জাফলং ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, পর্যটনের আড়ালে কিংবা বিভিন্ন পরিবহনের মাধ্যমে জাফলং হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া পণ্যের একটি অংশ তামাবিল ও আমস্বপ্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে । এভাবে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য প্রবেশ করায় সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, সীমান্তের এই চোরাচালান, মানবপাচার ও ‘লাইন’ বাণিজ্যের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। বিজিবি, ডিবি ও পুলিশের নাম ভাঙিয়ে কেউ অর্থ আদায় করছে কি না, কিংবা এর পেছনে আবুল কাশেম ও বাবলা লিটনের মতো কোনো শেল্টারদাতা বা কথিত সংবাদকর্মীদের যোগসাজশ রয়েছে কি না—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, চোরাচালান ও মাদক প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের নাম ভাঙিয়ে কেউ ‘লাইন’ বা চাঁদা আদায় করলে কিংবা চোরাচালানের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, শুল্ক ফাঁকি ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং বিজিবি ও পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ