সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটকের ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিএসএফের দাবি, অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন ওই জওয়ান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল জেসি যোগী বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরে স্থানীয় বাংলাদেশিদের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের একটি গ্রামে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্য জেসি যোগী তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দেন। তবে তাঁরা নির্দেশ অমান্য করলে তিনি তাঁদের ধাওয়া করেন। সীমান্ত এলাকায় কোনো বেড়া না থাকায় ধাওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে ঘিরে ধরে আটক করেন এবং বিজিবির হাতে তুলে দেন। এরপর তাঁকে সিলেটের বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। ঘটনার সময় তাঁর কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকিটকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ সদস্যের কাছে থাকা অস্ত্র ও সরঞ্জাম পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের বিষয়টি নিয়ে আপত্তি জানায় বিএসএফ।
মঙ্গলবারের এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিএসএফ সদস্যকে আটকের সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশের বিষয়টি ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একই ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
