নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার খবরে সিলেটজুড়ে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। প্রথম ধাপের তালিকায় থাকা গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ৬ নম্বর ফতেপুর ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় রয়েছেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও গণমাধ্যমকর্মী মো. ইসলাম আলী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ধাপে ধাপে কোন কোন ইউনিয়নে ভোটগ্রহণ হবে, জেলা ও উপজেলাভিত্তিক সেই তালিকা প্রকাশের পর এখন সংশ্লিষ্ট কর্মকর্তারা তপশিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। ফতেপুর ইউনিয়নে প্রথম ধাপেই ভোটগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ অবস্থান জানান দিতে শুরু করেছেন।
ফতেপুরের স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, মো. ইসলাম আলী দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সংস্কারসহ প্রান্তিক মানুষের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থেকেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রতিকূল সময়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার সুনাম রয়েছে তাঁর।
নির্বাচনী মাঠে ইসলাম আলীর পথচলা বেশ দীর্ঘ। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতি ও সমাজসেবার সূচনাপর্বে তিনি প্রথমে ফতেপুর ইউনিয়নে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে আরও বৃহত্তর পরিসরে সেবার ব্রত নিয়ে তিনি টানা তিনবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বিগত গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে প্রায় ২০ হাজার ভোট পেয়ে নিজের শক্ত অবস্থান জানান দেন। একাধিক নির্বাচনে জয়ী হতে না পারলেও তিনি মাঠ ছাড়েননি কিংবা জনবিচ্ছিন্ন হননি—এটিকেই তাঁর অন্যতম ইতিবাচক দিক হিসেবে তুলে ধরছেন তাঁর কর্মী-সমর্থকরা।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, সাংবাদিকতা ও রাজনীতির অভিজ্ঞতার কারণে ইসলাম আলী এলাকার সার্বিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। বারবার নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও তিনি সাধারণ মানুষের পাশে থাকা অব্যাহত রেখেছেন। ফলে আসন্ন নির্বাচনে ভোটাররা তাঁকে নিয়ে নতুন করে ভাবছেন।
নির্বাচনী প্রস্তুতি ও নিজের প্রার্থিতা প্রসঙ্গে মো. ইসলাম আলী বলেন, আমি এ পর্যন্ত স্থানীয় সরকারে মোট পাঁচটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জয়-পরাজয় রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু এলাকার মানুষের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, তা আমাকে প্রতিবারই উজ্জীবিত করেছে। এবারও ফতেপুরের আপামর জনগণ আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। সাধারণ মানুষের এই প্রত্যাশা ও ভালোবাসাকে আমি নিরাশ করতে পারি না। জনগণের রায় নিয়েই আমি ফতেপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
