সিলেট

সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় ক্ষোভ, সিলেটে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪৬ · ৩০১ ভিউ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কবি, সাহিত্যিক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক দেওয়ান মতিউর রহমান খান, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, গণদাবি পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের (সিসকপ) সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহানগর কৃষকদলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী ও বায়ান্ন টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ছাড়া ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তাঁর কনডেম সেলে থাকার অভিযোগ, শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং অভিনেত্রী পরীমনির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানান বক্তারা।

একই সঙ্গে সাংবাদিক সাগর-রুনি, সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন ও আনন্দ টিভির সুবর্ণা নদীসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে এসএ টিভির ভিডিও এডিটর, খবর টিভির সিলেট প্রতিনিধি ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরের ছেলেকে হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানোর অভিযোগেরও নিন্দা জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে টিলাখেকো চক্র এ মামলা করেছে। তাঁরা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সিলেটসহ সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেইলি মর্নিং অবজারভারের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমিনের ব্যুরোপ্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি সুয়েজ হোসেন, দৈনিক মুসলিম টাইমসের শহীদ আহমদ খান, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি তালুকদার মখবুল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক সালমান রশীদ, গণদাবি পরিষদের দপ্তর সম্পাদক সেলিম আহমদ, জাতীয় সাংবাদিক মঞ্চের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহিন আলম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক আমির হোসেন সুহাগ, জাতীয় সাংবাদিক সংস্থার বিয়ানীবাজার উপজেলা সভাপতি শরিফ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট জেলা কমিটির সহসভাপতি ফয়জুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর সিলেট প্রতিনিধি সামছুদ্দিন, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক শাওন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের স্টাফ রিপোর্টার লিমন আহমদ, নিউজ ভিশনের সিলেট প্রতিনিধি আইবুর রহমান ও সময়ের ডাকের আব্দুল মতিন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।

সম্পর্কিত সংবাদ