হবিগঞ্জ

নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ২৯ আগস্ট ২০২৬ · রাত ৮:২৫ · ১৬৯ ভিউ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও দপ্তরী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে চলন্ত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার গুলডুবা হাইস্কুলের অফিস সহকারী মাসুম পারভেজ (৪৮) এবং একই স্কুলের দপ্তরী শামীম আহমেদ। নিহত মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং গ্রামের আজিজুর রহমানের ছেলে। আর শামীম আহমেদের বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাসুম পারভেজ ও শামীম আহমেদ মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। উত্তর দেবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজ মারা যান। অন্যদিকে, গুরুতর আহত শামীম আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গুলডুবা হাইস্কুলসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘাতক চালক ও গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ