সিলেট

চোরাইপণ্য বহনের পিকআপের চাকায় প্রাণ গেল দিনমজুরের ছেলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ · রাত ৮:৪৭ · ১৬০ ভিউ

সিলেটের কানাইঘাট সীমান্তে নাম্বারবিহীন একটি টাটা পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলদার হোসেন পাশের ভাউরভাগ ১ম খণ্ড গ্রামের দিনমজুর নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনারতনপুঞ্জি গ্রামের একটি কালভার্টসংলগ্ন সড়কে পিকআপটি থামানো ছিল। গাড়িটির কাছেই দাঁড়িয়ে ছিল দিলদার। এ সময় একই গ্রামের আব্দুল মতিনের ছেলে সেবুল আহমদ পিকআপটি স্টার্ট দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দিলদারকে ধাক্কা দেয়। একপর্যায়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পিকআপটির মূল চালক চতুল এলাকার রামিম উদ্দিন এবং ভাউরভাগ ১ম খণ্ড গ্রামের ফয়েজ আহমদের ছেলে মাসুম আহমদ আহত দিলদারকে ঘটনাস্থলে ফেলে মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দিলদারকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদারের মাথায় গুরুতর আঘাত লাগে। সময়মতো তাকে উদ্ধার করা না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলেও তাঁরা জানান।

বিশ্বস্ত সূত্রের দাবি, ভারত থেকে চোরাইপণ্য বহনের কাজে ব্যবহারের জন্য পিকআপটি নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করছিল সংশ্লিষ্ট ব্যক্তিরা। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত নম্বরবিহীন টাটা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শনিবার পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ