সুনামগঞ্জ

ধর্মপাশা হাসপাতালে অক্সিজেন নিয়ে লুকোচুরি?

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ · রাত ৮:১২ · ১৫২ ভিউ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ড ও প্রসূতি বিভাগ ঘুরে অক্সিজেন সিলিন্ডার পাওয়া গেলেও অধিকাংশই খালি। সরেজমিনে প্রতিবেদকের চোখে পড়ে মাত্র চারটি সিলিন্ডার। এর মধ্যে তিনটি সম্পূর্ণ খালি এবং অন্যটিতে রয়েছে সামান্য অক্সিজেন।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতিতে জরুরি রোগীদের অক্সিজেন সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শ্বাসকষ্টের রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি কিংবা প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজনে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে থাকা একটি বড় অক্সিজেন সিলিন্ডার সম্পূর্ণ খালি। এর পাশে থাকা একটি ছোট সিলিন্ডারে সামান্য অক্সিজেন রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এটি দিয়ে সর্বোচ্চ আধা ঘণ্টা অক্সিজেন সরবরাহ করা সম্ভব হতে পারে।

সাধারণ ওয়ার্ডে রোগীর শয্যার পাশে রাখা আরেকটি বড় অক্সিজেন সিলিন্ডারও খালি পাওয়া যায়। একই অবস্থা প্রসূতি বিভাগের লেবার রুমে। সেখানেও থাকা অক্সিজেন সিলিন্ডারটি খালি দেখা গেছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) জানান, হাসপাতালটিতে মোট ২৮ থেকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এর মধ্যে ২০টি সিলিন্ডার অক্সিজেন রিফিলের জন্য পাঠানো হয়েছে।

তবে সরেজমিনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে প্রতিবেদকের নজরে আসে মাত্র চারটি সিলিন্ডার। সেগুলোর কোনোটিই পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে আরও সময় নিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতালে দুটি পূর্ণ অক্সিজেন সিলিন্ডার ওয়ার্ডে রয়েছে। তবে পুনরায় সরেজমিনে গিয়ে ওই দুটি পূর্ণ সিলিন্ডারের অস্তিত্ব খুঁজে পাননি প্রতিবেদক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, স্টোরকিপারের কাছে পূর্ণ অক্সিজেন সিলিন্ডার চাওয়ার পরও যদি তা সরবরাহ করা না হয়ে থাকে, তাহলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে স্টোরকিপার রূপমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিনে পাওয়া পরিস্থিতির এমন অমিল নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। হাসপাতালে ২৮ থেকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার থাকার দাবি থাকলেও রোগীদের প্রয়োজনে সেগুলোর কতটি ব্যবহার উপযোগী, তা স্পষ্ট নয়।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসা নিতে আসেন। হঠাৎ শ্বাসকষ্ট, দুর্ঘটনা কিংবা প্রসূতি মায়ের সংকটাপন্ন অবস্থায় তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে হাসপাতালের সিলিন্ডারগুলো খালি থাকলে রোগীদের চিকিৎসাসেবা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি, অক্সিজেন সিলিন্ডারের প্রকৃত সংখ্যা, রিফিলের জন্য পাঠানো সিলিন্ডারের অবস্থান এবং ব্যবহার উপযোগী সিলিন্ডারের হিসাব প্রকাশ করা হোক। পাশাপাশি দ্রুত পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে হাসপাতালের জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বজায় রাখা হোক।

সম্পর্কিত সংবাদ