কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নভাগীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘২য় ডে-নাইট সিক্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় নভাগী বাজারের পশ্চিম পাশের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্থানীয় ক্রীড়া সংগঠন নভাগী লাল সবুজ ক্রিকেট ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
জমকালো উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল ‘নভাগী লাল সবুজ’ এবং ‘থানা সদর ইয়াং স্টার’ মুখোমুখি হয়। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত নৈশকালীন ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাবুল আহমদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নভাগী লাল সবুজ ক্রিকেট ক্লাবের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর গণী (পাড়ুয়া)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আমজাদ আলী, কেরামত আলী ও তেরাব আলী কাচা।
আয়োজক সূত্রে জানা গেছে, নক-আউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে আকর্ষণীয় একটি ফ্রিজ এবং রানার্স-আপ দলের জন্য রয়েছে নগদ ১০ হাজার টাকা পুরস্কার। এছাড়া প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply