মৌলভীবাজার

রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:৩৯ · ১৬৩ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত পণ্যগুলোর সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৪৬ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে দেশে পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।

মেজর মাহবুবুল হক বলেন, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, “আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ