আন্তর্জাতিক

পর্ন অভিনেত্রী থেকে আইনপ্রণেতা, কে এই দেইসি?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · সকাল ১১:৩৫ · ১৬৮ ভিউ

সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। পরে পর্ন চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। সেই অতীত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু সব বিতর্ক পেছনে ফেলে কলম্বিয়ার আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ, যিনি অ্যামারান্তা হ্যাঙ্ক নামেই বেশি পরিচিত।

প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার, নারীর অধিকার ও সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়া এই বামপন্থী রাজনীতিককে ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা।

গত মার্চে অনুষ্ঠিত কলম্বিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর সম্প্রতি রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নিয়েছেন দেইসি। ৩৩ বছর বয়সী এই রাজনীতিক বামপন্থী হিস্টোরিক প্যাক্ট জোটের প্রার্থী হিসেবে নরতে দে সানতানদের অঞ্চলের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০২৬ সালের নির্বাচনে দলীয় তালিকায় তার অবস্থান ছিল ২৩তম। তবে জোটটি পর্যাপ্ত আসন পাওয়ায় তিনি সিনেটে যাওয়ার সুযোগ পান। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

নির্বাচনী প্রচারে প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার রক্ষার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন দেইসি। তার দাবি, এই খাতের কর্মীরাও অন্য পেশাজীবীদের মতো শ্রমিক হিসেবে স্বীকৃতি, আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। কিন্তু বাস্তবে তাদের অনেকেই বৈষম্য, সামাজিক কলঙ্ক এবং শ্রম অধিকারবঞ্চনার শিকার হন।

actress-1তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সিনেটে গিয়ে এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায়ও আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

পর্ন সিনেমায় কাজ শুরুর আগে দেইসি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে তিনি পর্ন চলচ্চিত্রে যুক্ত হন। দুই বছর পর সেখান থেকে সরে এসে রাজনীতিতে সক্রিয় হন।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তার অতীত পেশা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সেই সমালোচনার জবাবে দেইসি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ দেন তিনি। রেডিও উপস্থাপক হিসেবে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান স্ট্যালার। পরে তিনিও ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

কলম্বিয়ার বর্তমান রাজনীতিতে হিস্টোরিক প্যাক্ট অন্যতম প্রভাবশালী রাজনৈতিক জোট। দেশটির জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে জোটটি মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে জয়ী হয়। ৪৪ লাখের বেশি ভোট পাওয়া জোটটি বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।

কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ও গুরুত্ব পাবে।

এক ভাষণে তিনি বলেন, ‘অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমার অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’

actress-2দেইসির রাজনীতিতে আগমন নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার রাজনীতির অন্যতম আলোচিত ঘটনাও এটি। তবে দেশটিতে এমন নজির নতুন নয়। কয়েক মাস আগে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে কাজ করা হুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

বিরোধীদের অভিযোগ ছিল, এমন নিয়োগ সরকারের ভাবমূর্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

তবে পেত্রো সরকার সেই সমালোচনা প্রত্যাখ্যান করে জানায়, কোনো ব্যক্তির অতীত পেশা নয়; বরং তার যোগ্যতা, দক্ষতা এবং জনসেবার সক্ষমতাই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত।

সম্পর্কিত সংবাদ