সিলেট

গোয়াইনঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আরেক যুবকের আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:২২ · ১৮১ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার ইসলামপুর (দুভাগ) এলাকায় চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছেন। অন্যদিকে, একই গ্রামে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ও গতকাল দিবাগত রাতে উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের ইসলামপুর দুভাগ এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তার চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। মারামারির একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে জখম হন। মাকে আহত হতে দেখে উত্তেজিত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অপরদিকে, গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহান (২১) নামে এক কলেজছাত্র। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, একই ইউনিয়নের কাছাকাছি এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সকালে প্রকাশ্যে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় স্থানীয়রা হতবাক।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানায়, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ