সিলেটের গোয়াইনঘাটে রাতভর বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। পরে একই দিন তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবুল হাসানাত (৫২) এবং তদন্তে প্রাপ্ত আসামি সুরুজ মিয়া (৩৪) ও আবু তালহাকে (২২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হাসানাত সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বাদে ঝিগলী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
অপর আসামি সুরুজ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি সালুটিকর করেরগাঁও গ্রামের মৃত আলখছ মিয়ার ছেলে। আর আবু তালহা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি পূর্বহাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গোয়াইনঘাট থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
