সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি হেওতি ও বড়গাঙ নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়াবাড়ি ও কাটাগাঙ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ, গোয়াবাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদী ও তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়।
অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া জানান, জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
