সিলেট

রনজিতের রিসোর্টকাণ্ডে আরেকজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪৯ · ১৯৯ ভিউ

গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট নগরের স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল হাসনাত (৫২) সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি গোয়াইনঘাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।

এসআরবি-৯ জানায়, গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে ১১ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এবং রিসোর্ট থেকে একটি ব্যানার, ৭টি খালি মদের বোতল, ৪০টি এয়ারগানের গুলিসদৃশ বস্তু ও একটি মিনি স্কুবা ডাইভিং অক্সিজেন ট্যাংক উদ্ধার করে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ওই সভায় বক্তব্য দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে, তবে তিনি এখনও পলাতক।

মামলার পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হাসনাতকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফ্রতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ