সুনামগঞ্জ

সুরমা নদীতে ড্রেজারের ছোবলে মানচিত্র থেকে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:১৮ · ১৮২ ভিউ

সুরমা নদীর অব্যাহত ভাঙন এবং অপরিকল্পিত ড্রেজার বাণিজ্যের ছোবলে মানচিত্র থেকে একে একে হারিয়ে যাচ্ছে ছাতক উপজেলার জনপদ। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে শত শত বছরের পুরোনো বসতি, আবাদি জমি ও ধর্মীয় স্থাপনা। নিঃস্ব হয়ে পড়া মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে সুরমাতীরবর্তী বাতাস।

অনুসন্ধানে জানা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে গত এক সপ্তাহ ধরে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত চলছে অবৈধ বালু ও ভিটমাটি উত্তোলনের মহোৎসব। প্রতিফুট চৌদ্দ টাকা মূল্যে বিক্রি হওয়া এই মাটি সরবরাহ করা হচ্ছে নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রকল্পে। প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর বুক চিরে এই অবৈধ মাটি তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপথ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তীব্র আকার ধারণ করেছে ভাঙন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সুরমার ভাঙনে ইতোমধ্যে দক্ষিণ পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর এবং উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানচিত্র থেকে মুছে গেছে চলাচলের বহু গ্রামীণ কাঁচা-পাকা সড়ক। ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন শত শত পরিবার।

ক্ষতিগ্রস্ত এক স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে জানান, “শুধু বাউসা-কেশবপুর এলাকার কৃষিজমি ভেঙে নদীর অপর পাড়ে প্রায় ১১শ’ একরের বিশাল চর জেগে উঠেছে। নদী আমাদের সব কেড়ে নিয়েছে, অথচ প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই।”

এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে নদী কাটার ঘটনা ঘটলেও ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাবি করেছেন বিষয়টি তাদের ‘জানা নেই’। অন্যদিকে, সুনির্দিষ্ট বক্তব্য নেওয়ার জন্য ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুরমা নদীর আগ্রাসী ভাঙন রোধ এবং অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন অবিলম্বে বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

সম্পর্কিত সংবাদ