সিলেট

রাতারগুলে রঞ্জিত সরকারের গোপন বৈঠক, গোয়াইনঘাটে গ্রেপ্তার ১৬

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৯ · ১৮৯ ভিউ

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে পর্যটন রিসোর্টে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের উপস্থিতিতে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিশেষ অভিযানে গত কয়েক দিনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে নতুন চার আসামিকে গ্রেফতার করে।

নতুন গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মদরিছ আলী সিকদার (৫৫), ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মকলিছুর রহমান (৪৫), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ (৪১) এবং ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইয়াছিন মুন্সি (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি রাতারগুলের ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকারের উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (মামলা নং-১১/৩৫০) দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই থানা এলাকায় টানা সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। এর আগে দুই দিনের অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

আগের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিক সরকার, সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য ফারুক আহমদ, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোস্তাক আহমদ, তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক ফয়জুল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রচার সম্পাদক আলিম উদ্দিন এবং ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য লিটন সাঁওতাল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, থানার এসআই (নি.) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় সর্বশেষ আরও চার আসামিকে গ্রেফতার করেছে। এ নিয়ে উক্ত মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, শিক্ষা সফরের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ