সুনামগঞ্জ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৬ · ১৬৭ ভিউ

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) ছাতক থানা পুলিশের একটি দল উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পূর্ব পাশে মান্নান মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. জুবায়ের (২০) এবং একই উপজেলার বাগমারা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সিএনজিচালক শেখ আবদুল্লা (২১)।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে ছাতক থানায় মামলা করেছেন। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)(২)/২৫-ডি ধারায় দায়ের করা মামলাটির নম্বর ১৫।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ