মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যাত্রীর

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১২:২৩ · ১২৯ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা সফরের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাতগাঁও হাইওয়ে থানার সামনে সিলেট থেকে শিক্ষা সফরে আসা ময়মনসিংহ জেলার মুমিনুন্নেছা সরকারি কলেজের একটি বাসের সঙ্গে মিরপুর থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শ্রীমঙ্গলের মাইজদিহি চা-বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং পাপ্পু নায়েকের ছেলে সুশীল নায়েক। নিহত অপর ব্যক্তি বাহুবল উপজেলার মো. আনোয়ার আলী, যিনি অটোরিকশাটির চালক ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

এদিকে শিক্ষা সফরে আসা বাসের শিক্ষক-শিক্ষার্থীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন বাসে থাকা এক শিক্ষিকা।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ