মৌলভীবাজার

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:২৭ · ১৬৫ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে সুশান্ত আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটকের সময় তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তাঁর নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

সম্পর্কিত সংবাদ