সিলেট

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১০:০৮ · ১৭২ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। পরে সড়ক সংস্কারে অবহেলা ও দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজের গেটসংলগ্ন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ অংশ নেন। প্রায় দুই ঘণ্টার কর্মসূচিতে বক্তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। সেখানে তারা প্রকৌশলী হাসিব আহমেদের অপসারণ ও শাস্তিমূলক বদলির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এ সময় তারা সড়কটির দুরবস্থার কথা তুলে ধরেন। ইউএনও দাবিগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিরিজপুর-সোনারহাট সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ